বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড ঢাকা ও সিলেট থেকে যুক্তরাজ্যের ম্যানচেস্টারগামী নিয়মিত ফ্লাইট সাময়িকভাবে বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। বিমান পরিচালনা পর্ষদের সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১ মার্চ ২০২৬ থেকে ঢাকা/সিলেট–ম্যানচেস্টার–ঢাকা/সিলেট রুটে নিয়মিত ফ্লাইট পরিচালনা স্থগিত থাকবে, যা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কার্যকর হবে।মঙ্গলবার (৬ জানুয়ারি) বিমান বাংলাদেশ এয়ারলাইন্স মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে এ রুটে ফ্লাইট স্থগিতের তারিখ ১ ফেব্রুয়ারি ২০২৬ নির্ধারণ করা হলেও টিকিটধারী যাত্রীদের বিষয়টি বিবেচনায় নিয়ে এক মাস সময় বাড়ানো হয়।
বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, ম্যানচেস্টার রুট স্থগিত থাকাকালে যাত্রীরা চাইলে ঢাকা–লন্ডন–ঢাকা রুটে বিকল্প ফ্লাইটে ভ্রমণ করতে পারবেন। পাশাপাশি ফ্লাইটের তারিখ পরিবর্তন, টিকিট রিফান্ডসহ অন্যান্য সুবিধা বিমানের বিদ্যমান নীতিমালা অনুযায়ী প্রদান করা হবে।
এ সংক্রান্ত তথ্য ও সহায়তার জন্য যাত্রীদের বিমান বাংলাদেশের ঢাকা ও লন্ডন বিক্রয় অফিস, বিমান কল সেন্টার (১৩৬৩৬ অথবা +৮৮০৯৬১০৯-১৩৬৩৬) কিংবা বিমান অনুমোদিত ট্রাভেল এজেন্টের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে। সাময়িক এই অসুবিধার জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্স যাত্রীদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে। একই সঙ্গে জানানো হয়েছে, ঢাকা ও সিলেট থেকে ম্যানচেস্টার রুটে পুনরায় ফ্লাইট চালু হলে তা যথাসময়ে জানিয়ে দেওয়া হবে।